ভুয়ো খবরের দিন শেষ! রাজ্যে চালু হচ্ছে ২৪x৭ সোশ্যাল মিডিয়া ‘ওয়ার রুম’
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রুখতে ২৪ ঘণ্টার একটি বিশেষ ‘ওয়ার রুম’ গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের আইনশৃঙ্খলা এবং সরকারি ভাবমূর্তি রক্ষায় তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে এই বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে থাকা তথ্যের ওপর সার্বক্ষণিক নজরদারি চালিয়ে সঠিক তথ্য জনসমক্ষে তুলে ধরাই হবে এই ওয়ার রুমের মূল লক্ষ্য।
তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবের নেতৃত্বে পরিচালিত এই ওয়ার রুমে স্বরাষ্ট্র, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসহ রাজ্য প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ আধিকারিকরা যুক্ত থাকবেন। এই বিশেষ দল সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্যের ওপর নিয়মিত নজর রাখবে। কোনো বিভ্রান্তিকর খবর চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে তা খতিয়ে দেখে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বয়ের মাধ্যমে দ্রুত সঠিক তথ্য প্রচার করা হবে, যাতে কোনো ধরনের আতঙ্ক বা ভুল বার্তা ছড়াতে না পারে।