দিল্লির আশ্বাসের পরেও দমনপীড়ন কেন? সিজেপির বিস্ফোরক অভিযোগ!
দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত শিক্ষার্থী ও প্রতিবাদীদের ওপর দমনপীড়ন চালানো হবে না বলে যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা মানা হচ্ছে না বলে অভিযোগ তুলেছে ‘কোকরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলের তরফে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় স্পষ্ট জানানো হয়েছিল যে কোনো শিক্ষার্থী যাতে আইনি জটিলতায় না পড়েন সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তবে এই বৈঠকের রেশ কাটতে না কাটতেই মাঠ পর্যায়ের পরিস্থিতি বিপরীত বলে দাবি করেছে দলটি।
সিজেপি মুখপাত্র সৌরভ দাস তাঁর এক্স হ্যান্ডেলে বিস্ফোরক অভিযোগ করে জানিয়েছেন, কেন্দ্রীয় পর্যায়ে ইতিবাচক আলোচনা হলেও পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের মতো রাজ্যগুলোতে আন্দোলনকারী শিক্ষার্থী ও প্রতিবাদীদের সুনির্দিষ্টভাবে টার্গেট করা হচ্ছে। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট রাজ্যগুলোতে সরকারি এজেন্সির মাধ্যমে প্রতিবাদীদের জোরপূর্বক আটক ও গ্রেফতার করা হচ্ছে। নাড্ডার সঙ্গে হওয়া প্রতিশ্রুতির পরেও এমন প্রশাসনিক পদক্ষেপ চলতে থাকলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিজেপি নেতৃত্ব।