দিল্লিতে রেড অ্যালার্ট, বিপর্যস্ত উত্তর ভারত!
প্রবল বৃষ্টিপাতে দিল্লি, চণ্ডীগড়, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশসহ ভারতের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চারধাম যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। হিমাচল প্রদেশে ধস ও হড়পা বানের জেরে ১০৮টি রাস্তা বন্ধ হয়ে গেছে এবং চাম্বাসহ সাতটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ডের দেহরাদুন–পাওন্টা সাহিব হাইওয়ের একটি সেতুর একাংশ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। দিল্লিতে বৃষ্টির রেড অ্যালার্টের মধ্যে গীতা কলোনিতে একটি চারতলা বাড়ি হেলে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, তবে দ্রুত পদক্ষেপ করে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। চণ্ডীগড়সহ পাঞ্জাব ও হরিয়ানার একাধিক শহর এই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে।
আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও রাজ্যের ছয়টি জেলার প্রায় সাড়ে চার লক্ষ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। তবে নতুন করে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বন্যায় বিপর্যস্ত এলাকায় প্রাণহানির ঘটনার মধ্যে বরপেটায় একটি হস্তিশাবকের দেহ উদ্ধার হয়েছে এবং মোড়িগাঁওয়ের পোবিতরা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে অসুস্থ একটি একশৃঙ্গ গন্ডারের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আগস্ট মাসের শুরু পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।