আবেদন ছাড়াই সরাসরি পিএফ-এর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বড় চমক EPFO-র!
প্রভিডেন্ট ফান্ডের (PF) দীর্ঘদিন ধরে পড়ে থাকা বকেয়া টাকা তোলার জটিলতা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। এখন থেকে গ্রাহকদের আর আলাদা করে আবেদন বা ক্লেম করতে হবে না; বরং ‘সিস্টেম-জেনারেটেড ক্লেম’ ব্যবস্থার মাধ্যমে যোগ্য গ্রাহকদের টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ‘পেনি ড্রপ’ পদ্ধতির মাধ্যমে ১.১৮ লক্ষ নিষ্ক্রিয় EPFO অ্যাকাউন্ট সফলভাবে যাচাই করা হয়েছে।
বর্তমানে এই পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৭.১১ লক্ষ নিষ্ক্রিয় অ্যাকাউন্ট আনা হয়েছে, যেগুলোতে ১,০০০ টাকা বা তার কম অর্থ রয়েছে। পুরো প্রক্রিয়াটি সফলভাবে বাস্তবায়নের জন্য সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংকে (C-DAC) প্রযুক্তিগত প্ল্যাটফর্ম আপগ্রেডের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত দুই দশকে ৩১.৮৬ লক্ষ নিষ্ক্রিয় অ্যাকাউন্টে প্রায় ১০,৯০৩ কোটি টাকা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। আশা করা হচ্ছে, অগাস্ট মাসের শেষ নাগাদ প্রযুক্তিগত সব কাজ সম্পন্ন হলে গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে তাঁদের পাওনা অর্থ ও সুদ ফেরত পেতে শুরু করবেন।