ফ্ল্যাট কিনলেই তিরুপতিতে ভিআইপি দর্শন! রিয়েল এস্টেট সংস্থার প্রতারণায় তোলপাড়!
আবাসন প্রকল্প বিক্রির উদ্দেশ্যে তিরুপতি মন্দিরের ‘ভিআইপি ব্রেক দর্শন’-কে হাতিয়ার করে প্রচার চালানোয় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘এসসিপি ডেভলপার্স’ নামের এক রিয়েল এস্টেট সংস্থা তাদের বিজ্ঞাপন দাবিতে বলেছে, তিরুপতি হাইওয়ের কাছে জমি বা ফ্ল্যাট কিনলে ক্রেতারা আজীবনের জন্য ভিআইপি ব্রেক দর্শনের সুবিধা পাবেন। এই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সাধারণ ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) স্পষ্ট জানিয়েছে যে, ওই আবাসন সংস্থার সঙ্গে মন্দির কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। টিটিডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দির দর্শনের টিকিট বা বিশেষ কোনো সুবিধা দেওয়ার ক্ষমতা কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তির নেই। এই প্রলোভনমূলক বিজ্ঞাপনকে প্রতারণামূলক আখ্যা দিয়ে সংস্থাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে টিটিডি। একই সঙ্গে ভক্তদের সতর্ক করে কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরের সমস্ত দর্শন ও টিকিট শুধুমাত্র টিটিডি-র নিয়ম ও অনুমোদিত অফিশিয়াল মাধ্যমেই পাওয়া যায়।