এয়ার ইন্ডিয়া AI-171 দুর্ঘটনা! ফুয়েল কন্ট্রোল সুইচে কোনো ত্রুটিই ছিল না?
২৬০ জন যাত্রীর প্রাণহানি ঘটানো এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ (AI-171) বিমান দুর্ঘটনা মামলার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। সংসদের বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছেন, বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং ব্যবস্থায় কোনো যান্ত্রিক ত্রুটি বা অস্বাভাবিকতা পাওয়া যায়নি। বিমানের নির্মাতা সংস্থার পক্ষ থেকে অত্যাধুনিক প্রযুক্তিতে সুইচের লকিং ডিটেন্টের গঠনগত শক্তি পরীক্ষা করা হয়েছে, যেখানে কোনো সমস্যা ধরা পড়েনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিজিসিএ (DGCA)-র নির্দেশে ওই মডেলের বিমানগুলো পরিষেবা থেকে সরিয়ে নেওয়ার পর এই পরীক্ষাগুলো চালানো হয়।
যদিও ফুয়েল কন্ট্রোল সুইচে ত্রুটি পাওয়া যায়নি, তবুও এই দুর্ঘটনার তদন্ত প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিমানের পুরো থ্রাস্ট কন্ট্রোল মডিউলটি পরীক্ষার জন্য সিয়াটলে অবস্থিত নির্মাতা সংস্থার কারখানায় পাঠানো হয়েছে এবং চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা (AAIB)-এর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, বড় ধরনের দুর্ঘটনার তদন্তে কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না। তদন্তের প্রয়োজনে পরিধি বাড়ানো হতে পারে এবং খুব দ্রুত চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে।