রাজ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের বড় ঘোষণা, খুশির জোয়ার চাকরিপ্রার্থীদের মনে!
রাজ্যের প্রায় ৮০ হাজার সরকারি ও সরকার-পোষিত স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন ও দৈনন্দিন খরচ মেটাতে ২৯৩ কোটি টাকা ‘কম্পোজিট গ্রান্ট’ প্রদান করেছে রাজ্য সরকার। নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান বিতরণ কর্মসূচির সূচনা করা হয়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, চলতি অর্থবর্ষে ধাপে ধাপে শিক্ষক, প্রধান শিক্ষক, লাইব্রেরিয়ান ও অধ্যাপক-অধ্যাপিকা মিলিয়ে মোট ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে।
শিক্ষক ও অধ্যাপক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে রাজনৈতিক কোনো ব্যক্তিত্বকে নিয়োগ কমিটিতে রাখা হবে না এবং রাজনৈতিক নিয়োগ সম্পূর্ণ বন্ধ থাকবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া, মিড-ডে মিলের মানোন্নয়নে ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে ইসকন (ISKCON) খাবার সরবরাহ করবে। পাশাপাশি, সেলফ হেল্প গ্রুপের (SHG) মাধ্যমে স্কুলের পড়ুয়াদের জন্য নিয়মিত ডিম পরিবেশনের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।