২৬০ জনের প্রাণহানি: এআই-১৭১ বিমান দুর্ঘটনা নিয়ে এলো শিউরে ওঠার মতো তথ্য!
২৬০ জন যাত্রীর প্রাণহানি ঘটানো এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ (AI-171) বিমান দুর্ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল কেন্দ্র। সংসদের বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলীধর মোহল লিখিতভাবে জানিয়েছেন, বিমানটির নির্মাতা সংস্থার পরীক্ষায় ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং সিস্টেমে কোনো যান্ত্রিক ত্রুটি বা অস্বাভাবিকতা পাওয়া যায়নি। সুইচের লকিং ডিটেন্টের গঠনগত শক্তি সহ সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেও কোনো গলদ ধরা পড়েনি বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলমান। বর্তমানে বিমানের থ্রাস্ট কন্ট্রোল মডিউলটি পরীক্ষার জন্য খোদ নির্মাতা সংস্থার মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল কারখানায় পাঠানো হয়েছে এবং সেখান থেকে চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তদন্তে বিলম্বের অভিযোগ খারিজ করে কেন্দ্র জানিয়েছে, এএআইবি (AAIB)-এর মতো সংস্থার তদন্তে কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না। নতুন সূত্র অনুযায়ী তদন্তের পরিধি বাড়ানো হয়েছে এবং খুব শীঘ্রই চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে।