রক্তস্নাত পিওকে! সেনার তাণ্ডবে নিহত বহু, পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) রাওয়ালকোটসহ সমগ্র পাকিস্তানে চরম নৈরাজ্য ও গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী ও পুলিশের অব্যাহত দমনপীড়নে গত ৩৬ ঘণ্টায় পিওকে অঞ্চলে ৩৫ জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন। চলতি বছরের জুন ও জুলাই মাস মিলিয়ে অঞ্চলটিতে নিহতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। পাশাপাশি খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও পাঞ্জাব প্রদেশে অব্যাহত সন্ত্রাসী হামলার মুখে পাক নিরাপত্তা বাহিনী দিশেহারা হয়ে পড়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত পাকিস্তানে ৭৫৫টিরও বেশি সন্ত্রাসী ও উগ্রপন্থী হামলার ঘটনা ঘটেছে। এই সময়ে ৬০০-র বেশি সাধারণ নাগরিক এবং ৮২০ জনেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বছরের শেষ নাগাদ নিরাপত্তা বাহিনীর নিহতের সংখ্যা ১,৬০০ থেকে ১,৭০০ ছাড়িয়ে যেতে পারে। এদিকে পিওকে-তে সাধারণ মানুষের ওপর চলা এই অত্যাচারের ঘটনায় ভারত কড়া প্রতিবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, পিওকে পাকিস্তানের অবৈধ দখলে থাকলেও তা ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং বর্তমান গণবিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের প্রশাসনিক দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ফল।