পুরুলিয়ায় ৪ হাজার কোটির ইস্পাত কারখানা, বদলে যাবে বাংলার ভাগ্য!
বার্তা ডেস্কঃ
রাজ্যে ইস্পাত শিল্পের নতুন হাব হিসেবে গড়ে উঠতে চলেছে পুরুলিয়া জেলা। রঘুনাথপুরে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করে একটি অত্যাধুনিক ইস্পাত উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চলেছে অমিত মেটালিকস লিমিটেড। আগামী ১৭ অগাস্ট এই গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করা হবে। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শিল্প সংস্থার উচ্চপদস্থ কর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। নতুন এই শিল্প কারখানা গড়ে উঠলে পুরুলিয়ার শিল্প ও আর্থিক মানচিত্রে বিরাট পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা।
এই বিশাল বিনিয়োগের ফলে রঘুনাথপুর তো বটেই, পুরুলিয়া এবং সংলগ্ন জেলার তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রত্যক্ষ চাকরির পাশাপাশি নির্মাণ, পরিবহন, লজিস্টিকস এবং স্থানীয় ক্ষুদ্র শিল্পের মাধ্যমে হাজার হাজার মানুষের আয়ের নতুন পথ উন্মুক্ত হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টিগ্রেটেড স্টিল ম্যানুফ্যাকচারিংয়ের পাশাপাশি এই কারখানায় আধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব অবকাঠামো তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।