অ্যান্টিবায়োটিক অকেজো, ডায়াবেটিক ফুট আলসার সারাবে এই নতুন ভাইরাস মলম!
বার্তা ডেস্কঃ
ডায়াবেটিস রোগীদের জন্য এক বড় স্বস্তির খবর নিয়ে এসেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। মধুমেহ রোগীদের কাছে অন্যতম ত্রাস ডায়াবেটিক ফুট আলসার বা পায়ের ঘা নিরাময়ে এবার অভিনব ভাইরাস মলম বা ফাজ ককটেল তৈরির কাজ শুরু হয়েছে। রক্তে শর্করার মাত্রা বাড়লে স্নায়ু ও ত্বকের মারাত্মক ক্ষতি হয়, যার ফলে পায়ের ক্ষতে সাধারণ অ্যান্টিবায়োটিক আর কাজ করতে চায় না। অনেক ক্ষেত্রেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পা বাদ দেওয়া বা সেপসিসের মতো ভয়ংকর ঝুঁকি তৈরি হয়।
এই সমস্যার স্থায়ী সমাধানে আইসিএমআর-এর গবেষকরা একগুচ্ছ বিশেষ ভাইরাস বা ফাজ দিয়ে তৈরি হাইড্রোজেল মলম আবিষ্কারের পথে হাঁটছেন। আইসিএমআর ডিরেক্টর ড. শান্তসবুজ দাস জানিয়েছেন, এই ফাজ বা ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসগুলো ক্ষতের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে চিহ্নিত করে নিখুঁতভাবে ধ্বংস করবে। খাওয়ার ক্ষেত্রে ফাজ নিয়ে বিতর্ক থাকলেও, ক্ষতের বাইরে বাহ্যিক ব্যবহারে এটি সম্পূর্ণ নিরাপদ। জেলটি পায়ের ক্ষতে লাগিয়ে ব্যান্ডেজ করলেই পলিমাইক্রোবিয়াল ব্যাকটেরিয়ার দফারফা হবে, যা লাখো ডায়াবেটিস রোগীর জীবন বাঁচাতে নতুন আশার আলো দেখাচ্ছে।