রামপুরহাটে নেতাজির নাম বদল! শ্যামাপ্রসাদের নামে তুঙ্গে বিতর্ক

বার্তা ডেস্কঃ

বীরভূমের রামপুরহাটে দীর্ঘদিনের ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম রাতারাতি বদলে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’ করার ঘটনায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তার নতুন একটি গেরুয়া রঙের ফলক সম্প্রতি উন্মোচন করা হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথিতে আয়োজিত ওই ফলক উন্মোচন অনুষ্ঠানে এলাকার বিজেপি বিধায়ক ধ্রুব সাহা উপস্থিত ছিলেন। তবে এই নামকরণের পেছনে কোনো সরকারি অনুমোদন ছিল কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয় স্তরে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। রামপুরহাট পুরসভা জানিয়েছে, রাস্তার নামবদলের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি এবং পুরবোর্ডে প্রস্তাব পাশ না করে কিংবা রাজ্য প্রশাসনের অনুমোদন ছাড়া এভাবে একক সিদ্ধান্তে নাম পরিবর্তন করা যায় না। বিরোধীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পুরনো নাম ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। অন্যদিকে, বিজেপি বিধায়ক দাবি করেছেন যে পুরসভার কোনো নথিতে নির্দিষ্ট নাম না থাকায় এবং সেসময় চেয়ারম্যান উপস্থিত থাকায় এই নামকরণ করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *