অ্যাকাডেমির দেওয়ালে ফের গেরুয়া রং, রুদ্রনীলের দাবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!
বার্তা ডেস্কঃ
কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং পরিবর্তন কেন্দ্র করে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে উত্তেজনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ভবনের একটি অংশ গেরুয়া রঙে রাঙানোর পর তীব্র প্রতিবাদের মুখে তা সাদা করেছিলেন শিল্পীরা। কিন্তু ঘটনার একদিনের ব্যবধানে সাদা রং ঢেকে সেখানে ফের গেরুয়া রং করা হয়। এই পরিস্থিতিতে শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের উপস্থিতি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাঁর উপস্থিতিতেই সাদা রঙের উপর পুনরায় গেরুয়ার প্রলেপ দেওয়া হয় এবং ঘটনাস্থলে ‘জয় শ্রীরাম’ ও ‘বন্দে মাতরম’ ধ্বনি দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত গত জুলাই মাসে, যখন টিকিট কাউন্টারের রং পরিবর্তন করা হয়। শিল্পী ও নাট্যজগতের একাংশের দাবি ছিল এই পরিবর্তন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের চরিত্রের পরিপন্থী, যা থেকেই তারা মঙ্গলবার নিজেরাই উদ্যোগ নিয়ে কাউন্টারটি সাদা রঙে রাঙান। তবে বুধবার সেই রং বদলে আবার গেরুয়া করার পর রুদ্রনীল ঘোষ একটি পুরনো ছবি দেখিয়ে দাবি করেন যে, টিকিট কাউন্টারের আসল রং গেরুয়া ও চকোলেটই ছিল। পাশাপাশি তিনি ওয়ার্কিং কমিটি ও ট্রাস্টি বোর্ডের দ্বন্দ্ব এবং দুর্নীতির অভিযোগ তুললেও, এই রং বিতর্ক আগামী দিনে আরও তীব্র রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।