সরকারি আধিকারিককে আটকে ‘এগ থেরাপি’ ও তোলাবাজি, শ্রীঘরে ৪ প্রভাবশালী নেতা!

বার্তা ডেস্কঃ

বীরভূমের ময়ূরেশ্বরে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে ঘরে তালাবন্ধ করে হেনস্তা, ডিম ছোড়া এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করার অভিযোগে চার বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের বিএলআরও দীপঙ্কর দাসের দফতরে গিয়ে কৈফিয়ত চাওয়ার নামে এই তাণ্ডব চালানো হয়। ঘটনায় অভিযুক্ত অতনু চট্টোপাধ্যায়, শ্যামল বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল সাহা ও বরুণ বাগদিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, বেআইনি জমায়েত এবং তোলাবাজিসহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বুধবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

ঘটনার পেছনে অবৈধ লরি ছাড়ানো এবং মন্দির নির্মাণের নামে ১০ হাজার টাকা দাবি করার একটি বিতর্কিত হোয়াটসঅ্যাপ চ্যাটও প্রকাশ্যে এসেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরেই ব্যাপক কাদা ছোড়াছুড়ি ও বিবাদ শুরু হয়েছে। মূল অভিযুক্ত অতনু চট্টোপাধ্যায় ইতিপূর্বে দলবদল করে তৃণমূলে যোগ দিলেও পরবর্তীতে ফের বিজেপিতে সক্রিয় হন, যা নিয়ে জেলা নেতৃত্ব একে অপরের ওপর দায় চাপাচ্ছে। অন্যদিকে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি দলীয় তদন্তের আশ্বাস দিলেও সরকারি আধিকারিকের ভূমিকা নিয়েও পাল্টা প্রশ্ন তুলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *