মসজিদ থেকে মাইক খোলার নির্দেশ? হাইকোর্টের তলবে তোলপাড় রাজ্য!

বার্তা ডেস্কঃ

রাজ্যের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় স্থান থেকে বিনা নোটিসে মৌখিক নির্দেশে মাইক বা সাউন্ড সিস্টেম খুলে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় আপাতত কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। মামলাকারীর পক্ষে দাবি করা হয়, রাজ্যজুড়ে প্রায় চার হাজার মসজিদ থেকে কোনো লিখিত নোটিস ছাড়াই পুলিশি নির্দেশে মাইক অপসারণ করা হয়েছে, যা অতীতের আদালতের রায়কে লঙ্ঘন করে।

অন্যদিকে, রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এই মামলার আইনি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং পর্যাপ্ত প্রমাণের অভাবের কথা জানান। তিনি আদালতে জানান, এতগুলি মসজিদ প্রভাবিত হওয়ার কথা বলা হলেও কোনো স্থানীয় ইমাম বা মসজিদ কর্তৃপক্ষ নিজে থেকে লিখিত অভিযোগ জানাননি। সমস্ত দিক বিবেচনা করে ডিভিশন বেঞ্চ রাজ্যকে নিজেদের অবস্থান স্পষ্ট করে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারের জবাব পাওয়ার পরেই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *