প্যাকেটজাত খাবারে স্বাস্থ্য সতর্কবার্তা কেন নেই, সুপ্রিম কোর্টের তোপে কেন্দ্র!
বার্তা ডেস্কঃ
প্যাকেটজাত খাদ্যে চিনি, নুন ও স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা উল্লেখ করে স্বাস্থ্য সতর্কবার্তা বাধ্যতামূলক করার ইস্যুতে কেন্দ্র ও এফএসএসএআই (FSSAI)-কে চরম বার্তা দিল সুপ্রিম কোর্ট। কর্পোরেট সংস্থাগুলোর চাপে নতিস্বীকার করে সরকার গা-ছাড়া মনোভাব দেখাচ্ছে কি না, তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি জে পি পার্দিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলে, বাড়ন্ত বাচ্চাদের স্বাস্থ্য ও জনস্বার্থের বিষয় জড়িয়ে থাকা সত্ত্বেও কেন এই পদক্ষেপে এত গড়িমসি করা হচ্ছে?
একটি জনস্বার্থ মামলার শুনানিতে আইনজীবী দাবি করেন, ব্যবসায়ী মহলের চাপে এফএসএসএআই আদালতের পূর্ববর্তী নির্দেশ মানতে দেরি করছে। এর জবাবে কেন্দ্র বিভ্রান্তির যুক্তি দিলে দুই বিচারপতি কড়া সুরে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা কি নিজে থেকে কিছু করবেন, নাকি আমরাই নির্দেশ দেব?” একই সাথে আদালত স্মরণ করিয়ে দেয় যে জনস্বার্থের বিষয়ে কোনো কর্পোরেট চাপ মেনে নেওয়া হবে না। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে কেন্দ্র ও এফএসএসএআই-কে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।