নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই জলহাটিতে উৎসবের জোয়ার, মিষ্টিমুখ ও নাচ!
বার্তা ডেস্কঃ
আর জি কর কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ওড়িশা থেকে গ্রেপ্তার হতেই জলহাটিজুড়ে শুরু হয়েছে অভূতপূর্ব উৎসবের আমেজ। ৯ আগস্টের ঘটনার পর নির্যাতিতার দেহ তড়িঘড়ি সৎকার ও প্রমাণ লোপাটের অভিযোগে অভয়ার বাবার দায়ের করা মামলায় পদক্ষেপ করে পুলিশ। গ্রেপ্তারির খবর পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা ঢোল বাজিয়ে, আবির মেখে এবং মিষ্টিমুখ করিয়ে আনন্দে মেতে ওঠেন। এমনকি ক্ষুব্ধ জনতা ও রাজনৈতিক কর্মীরা অভিযুক্তের ছবিতে কাদা মাখিয়ে এবং জুতোর মালা পরিয়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
জলহাটিবাসীর দীর্ঘদিনের অভিযোগ, এই এলাকায় এতদিন ধরে নানা অত্যাচার চালিয়ে আসছিলেন প্রাক্তন এই বিধায়ক। তাই তাঁর বিচারে ন্যায়বিচারের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। তবে শুধু গ্রেপ্তারিতেই সন্তুষ্ট না হয়ে স্থানীয়দের দাবি, নির্মম এই ঘটনার মূল মদতদাতা নির্মল ঘোষের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি হতে হবে। পাশাপাশি, এই মামলায় অভিযুক্ত বাকি দুইজনকেও দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।