অচেনা রোগের বিষাক্ত থাবায় ঝরছে শিশুর প্রাণ, নেপথ্যে আসলে কী!
বার্তা ডেস্কঃ
মধ্যপ্রদেশের বালাঘাট জেলার বিভিন্ন আদিবাসী গ্রামে ছড়িয়ে পড়েছে এক রহস্যময় সংক্রমণ। গত জুন মাসের শেষ দিক থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে অন্তত আটটি শিশু এবং অসুস্থ হয়ে পড়েছে শত শত মানুষ। আক্রান্তদের মধ্যে ম্যালেরিয়া, টাইফয়েড, চরম চর্মরোগ ও মারাত্মক অপুষ্টির মতো জটিল লক্ষণ দেখা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পানীয় জল ও রক্তের নমুনা পুণে এবং কলকাতার গবেষণাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় অস্থায়ী স্বাস্থ্য শিবির ও অ্যাম্বুল্যান্স মোতায়েন করে দরজায় দরজায় রোগী শনাক্তকরণের কাজ চলছে।
প্রশাসন দাবি করছে, কুসংস্কার ও ঝাড়ফুঁকের চিকিৎসায় সময় নষ্ট হওয়ায় হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে। অন্যদিকে স্থানীয়দের বক্তব্য, ব্যাপক অপুষ্টি এবং ২০ কিলোমিটার দূরের হাসপাতাল ও যোগাযোগ ব্যবস্থার অবহেলাই এই সংকটের মূল কারণ। জেলা হাসপাতালে ভর্তি থাকা ৯৮ জন শিশুর মধ্যে ইতিমধ্যে ৫১ জনকে সুস্থ করে ছুটি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের মতে পরিস্থিতি বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে এলেও সংক্রমণটি কোনো নির্দিষ্ট ভাইরাসের কারণে কি না, তা স্পষ্ট হতে ল্যাব রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা।