প্রধান বিচারপতিকে বয়কটের ডাক, পিছু হটল বার কাউন্সিল!

বার্তা ডেস্কঃ

হায়দরাবাদের নালসার ল ইউনিভার্সিটির ২০২৬ ব্যাচের প্রায় সাড়ে চারশো পড়ুয়া সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সূর্য কান্তকে আমন্ত্রণ না জানানোর দাবি তুলে স্মারকলিপি জমা দেন। দিল্লির এক ছাত্র আন্দোলন মামলার শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্যের জেরে এই প্রতিবাদের সূত্রপাত হয়। এই ঘটনার প্রেক্ষিতে নালসার পড়ুয়াদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় বার কাউন্সিল অব ইন্ডিয়া। নির্দেশ দেওয়া হয়েছিল যে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ব্যাচের কোনো পড়ুয়া আইনজীবী হিসেবে কোনো রাজ্যের বার কাউন্সিলে নাম নথিভুক্ত করতে পারবেন না, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলে।

তবে তীব্র সমালোচনার মুখে পড়ে পিছু হটল বার কাউন্সিল অব ইন্ডিয়া। সমস্ত রাজ্যের বার কাউন্সিলের সঙ্গে পর্যালোচনার পর জানানো হয় যে, ওই প্রতিবাদে সব পড়ুয়া যুক্ত ছিলেন না এবং তাঁরা নির্দোষ। ফলস্বরূপ, পূর্বের বিতর্কিত নির্দেশিকা বাতিল করে বার কাউন্সিল জানিয়ে দিয়েছে যে, নালসার থেকে উত্তীর্ণ পড়ুয়ারা এখন থেকে নিজেদের পছন্দমতো যেকোনো বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করতে পারবেন। এতে স্বস্তি ফিরেছে শিক্ষার্থী মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *