৩৫ বছরের দীর্ঘ লুকোচুরি শেষ, অবশেষে ধরা পড়ল জম্মু স্টেশন বিস্ফোরণের মূল আসামী!

বার্তা ডেস্কঃ

দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ১৯৯১ সালের জম্মু রেলওয়ে স্টেশন বোমা বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত আলতাফ হুসেন শেখ। ১৯৯১ সালের ২ এপ্রিল জম্মু স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঘটা সেই মর্মান্তিক বিস্ফোরণে দুই আধাসামরিক জওয়ানসহ ৩ জন প্রাণ হারিয়েছিলেন এবং আহত হন ১৮ জন। ঘটনার পর থেকে পলাতক আলতাফ দক্ষিণ কাশ্মীরে নিজের আসল পরিচয় লুকিয়ে এক ব্যবসায়ীর ছদ্মবেশে বসবাস করছিল। সম্প্রতি গভর্মেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) বিশেষ অভিযান চালিয়ে অনন্তনাগ থেকে তাকে গ্রেফতার করে এবং আদালতে হাজির করে তার বিরুদ্ধে ‘টাডা’ আইনে মামলা রুজু করেছে।

জিআরপি-র দুই বছর ধরে চালানো টানা নজরদারি ও নথি অনুসন্ধানের ফলেই বিজবেহাড়ায় আলতাফের সন্ধান মেলে। এই হাই-প্রোফাইল গ্রেফতারির মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্যতম পুরনো সন্ত্রাসবাদী মামলার সফল নিষ্পত্তি ঘটল। পুলিশ জানিয়েছে, বিচারে দেরি হলেও অপরাধী কখনো রেহাই পায় না। উল্লেখ্য, এই সাফল্যের পর বর্তমানে সরকার ১৯৯০-এর দশকের একাধিক অমীমাংসিত সন্ত্রাসবাদী মামলার ফাইল পুনর্নবীকরণ করে নতুন করে তদন্ত জোরদার করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *