বালুরঘাট থেকে গুয়াহাটি এবার কি সহজ? রেলমন্ত্রীর দ্বারস্থ সুকান্ত!
বার্তা ডেস্কঃ
দক্ষিণ দিনাজপুরের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে এবার দিল্লির দরবারে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে উত্তর-পূর্ব ভারতে যাতায়াতকারী জেলার বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করতে বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। এই বৈঠকে বালুরঘাট থেকে গুয়াহাটি পর্যন্ত সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিটি জোরালোভাবে তুলে ধরেন সাংসদ। ভৌগোলিক গুরুত্ব ও যাত্রী চাহিদার কথা মাথায় রেখে জেলার রেল পরিষেবাকে আরও শক্তিশালী করার আর্জি জানিয়েছেন তিনি।
রেলমন্ত্রীর সঙ্গে এই আলোচনাকে কেন্দ্র করে নতুন করে আশায় বুক বাঁধছেন দক্ষিণ দিনাজপুরের সাধারণ মানুষ। মন্ত্রীর আশ্বাসে জেলার পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা বিস্তারের নতুন দিগন্ত খোলার সম্ভাবনা দেখছেন সকলে। স্থানীয়দের মতে, সরাসরি ট্রেন চালু হলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তৈরি হওয়া দীর্ঘদিনের প্রতিবন্ধকতা দূর হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই তৎপরতা সফল হলে শুধু রেল পরিষেবার উন্নয়নই নয়, সামগ্রিক আর্থ-সামাজিক পরিস্থিতিরও উন্নতি ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখন রেলমন্ত্রক এই দাবির প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা জেলা।