বিপজ্জনক বঙ্গোপসাগর, সুন্দরবন ভাসল জোড়া ফলায়, চূড়ান্ত সতর্কতায় দক্ষিণ ২৪ পরগনা!

বার্তা ডেস্কঃ

বুধবার রাতভর ভারী বৃষ্টি এবং অমাবস্যার কটালে নদী ও সমুদ্রের জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধিতে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে কাকদ্বীপ, ডায়মন্ড হারবার এবং সুন্দরবনের উপকূলীয় এলাকায় টানা বৃষ্টির পাশাপাশি প্রবল ঝোড়ো হাওয়া বয়েছে। গঙ্গাসাগর, বকখালি ও মৌসুনি দ্বীপে তীব্র জলোচ্ছ্বাসের পাশাপাশি বেহাল নদী ও সমুদ্রবাঁধে ভাঙনের চরম আশঙ্কা দেখা দিয়েছে। ডায়মন্ড হারবার পুরসভার একাধিক ওয়ার্ড, কালীবাজার, রায়পাড়া এবং একাধিক বিদ্যালয় চত্বর জলমগ্ন হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপকূল থানা ও ব্লক প্রশাসনের তরফে ব্যাপক মাইকিং চালানো হচ্ছে।

উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরাতে নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। মৎস্যজীবীদের ১৫ আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং গভীর সমুদ্রে থাকা সমস্ত ট্রলার ইতিমধ্যেই উপকূলে ফিরে এসেছে। উত্তাল সমুদ্রের কারণে চলতি ইলিশ মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। সামাল দিতে বিডিও অফিসগুলোতে শুকনো খাবার মজুত করা হয়েছে এবং সতর্ক রাখা হয়েছে সিভিল ডিফেন্স কর্মীদের। মহকুমা শাসকের দপ্তর ও স্থানীয় পঞ্চায়েতগুলি যৌথভাবে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *