মেলোনিকে নিয়ে কটাক্ষের চরম মাশুল, মোদীর পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের!
বার্তা ডেস্কঃ
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সন্দীপ দীক্ষিতের মন্তব্যে তোলপাড় দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহল। দিল্লিতে দলের এক সম্মেলনে মোদীর নীতিকে কটাক্ষ করতে গিয়ে মেলোনিকে নিয়ে বিতর্কিত রসিকতা করেন তাঁরা, যা নিয়ে তীব্র আক্রমণ শানায় শাসকদল বিজেপি। জল গড়ায় আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত। এই পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যেকোনো দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত জরুরি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নাম না করে এই বিতর্কের জবাবে জানান, সাম্প্রতিক বছরগুলিতে ভারত ও ইতালির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক সমস্ত ক্ষেত্রেই উত্তরোত্তর শক্তিশালী ও সুদৃঢ় হয়েছে। তাই আন্তর্জাতিক সৌজন্য ও নীতি বজায় রেখে চলা আবশ্যক। একই সাথে রাহুলের আমেরিকা-ইরান সংঘাত সম্পর্কিত মন্তব্যেরও পরোক্ষ প্রতিক্রিয়া তৈরি হয়। তবে সমস্ত বিতর্ক ঠেলে দিল্লি নিজেদের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়িত্বকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে।