ব্রিটিশের বুলেটেও যিনি অটল, তাঁর ভিটে এবার হেরিটেজ!

বার্তা ডেস্কঃ

স্বাধীন ভারতের দীর্ঘ ইতিহাস প্রত্যক্ষ করলেও সময়ের স্রোতে ক্রমশ আড়ালে চলে যাচ্ছিল স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা, শহিদ মাতঙ্গিনী হাজরার ঐতিহাসিক বসতবাড়ি। তমলুকের এই ভগ্নপ্রায় স্মৃতিবিজড়িত ভিটেকে বাঁচিয়ে তুলতে এবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। জাতীয় পতাকা হাতে ব্রিটিশের রক্তচক্ষু ও গুলিবর্ষণকে উপেক্ষা করা ‘গান্ধীবুড়ি’-র এই বাড়িকে রাজ্য হেরিটেজ কমিশনের মাধ্যমে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।

জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত জানিয়েছেন, প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই বাড়িটির প্রাচীন কাঠামো খতিয়ে দেখতে প্রয়োজনীয় মাপজোক ও পরিদর্শন সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে, এই ঐতিহ্যবাহী বাড়িকে কেন্দ্র করে একটি ডিজিটাল মিউজিয়াম ও আধুনিক স্মৃতি প্রদর্শন কেন্দ্র গড়ে তোলা হবে। যেখানে মাতঙ্গিনী হাজরার জীবনসংগ্রামের দুর্লভ তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত থাকবে। ঐতিহাসিক গুরুত্ব বজায় রেখে সৌন্দর্যায়ন ও পানীয় জলের মতো দর্শনার্থীবান্ধব সুবিধা যুক্ত করার মাধ্যমে এই স্থানকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে সাজিয়ে তোলা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *