দ্বারকার জলসংকটে বিধায়কের বড় পদক্ষেপ, তারাপীঠের হারানো জৌলুস কি ফিরবে এবার?
বার্তা ডেস্কঃ
তারাপীঠের অন্যতম প্রধান ঐতিহ্য দ্বারকা নদ দীর্ঘদিন ধরে তীব্র জলসংকট ও ক্রমবর্ধমান দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। বছরের বেশিরভাগ সময় জল না থাকা এবং হোটেল-লজের বর্জ্য মিশে নদটির পবিত্রতা নষ্ট হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পুণ্যার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। এই বহুদিনের সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হয়ে রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী অরূপকুমার দাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিধায়ক প্রস্তাব দিয়েছেন যাতে দ্বারকা নদে সারা বছর জল ধরে রাখতে দ্রুত একটি চেক ড্যাম তৈরি করা হয় এবং এর দুই পাড়কে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। গঙ্গাসম পবিত্র এই নদের গতিপথ ফেরাতে এবং এর ঐতিহ্য রক্ষা করতে প্রশাসনের কাছে ড্যাম নির্মাণের জোর দাবি জানানো হয়েছে। সরকারের তরফে এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হলে পুণ্যার্থীদের স্নানের ভোগান্তি দূর হবে এবং তারাপীঠের পর্যটন ও ধর্মীয় সংস্কৃতি নতুন রূপ ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।