জন্মদিনের আগেই মর্মান্তিক পরিণতি, সেলফি তোলার নাম করে যমুনায় ১১ মাসের মেয়েকে ছুঁড়ে ফেলল বাবা!

বার্তা ডেস্কঃ

প্রথম জন্মদিনের আর মাত্র তিনদিন বাকি, তার আগেই ঘটে গেল এক শিউরে ওঠার মতো ঘটনা। আগ্রার বদমাঘি গ্রামের বাসিন্দা রিঙ্কু নামে এক ব্যক্তি তার ১১ মাসের শিশুকন্যাকে যমুনা নদী পার হওয়ার সময় আকবরা সেতু থেকে সোজা নিচে ছুঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। স্ত্রী লক্ষ্মীর ভাষ্য অনুযায়ী, মেয়ের জন্মদিনের কেনাকাটা করতে যাওয়ার পথে বাইকে তাদের মধ্যে বচসা শুরু হয়। এরপরই ছবি তোলার বাহানায় বাইক থামিয়ে মেয়ের সঙ্গে একটি সেলফি তোলেন রিঙ্কু এবং মুহূর্তের মধ্যে একরত্তিকে ছুঁড়ে ফেলে দেন নদীতে। এমনকি স্ত্রীকে বাধা দিতে গেলে তাঁকেও সেতু থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়।

এই নারকীয় দৃশ্য দেখে পথচারীরা হতভম্ব হয়ে পড়েন এবং অভিযুক্তকে আটকে রেখে গণধোলাই দেন। পরে পুলিশ এসে রিঙ্কুকে গ্রেপ্তার করে। জানা গেছে, ২০২৪ সালে বিয়ের পর থেকেই পণের দাবিতে স্ত্রীর ওপর অত্যাচার চালাতেন রিঙ্কু এবং কন্যাসন্তান হওয়ায় তিনি একদমই খুশি ছিলেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও শিশুটির কোনো খোঁজ মেলেনি। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ গোটা এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *