রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, ১ সেপ্টেম্বর থেকে মিলবে বড় সুবিধা!
বার্তা ডেস্কঃ
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের চিকিৎসার খরচে বড়সড় স্বস্তি দিল পশ্চিমবঙ্গ সরকার। অর্থদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-এর অধীনে সংশোধিত ও বর্ধিত হারে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। মূলত সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম (CGHS)-এর সাম্প্রতিক প্যাকেজ রেটের সাথে সামঞ্জস্য রেখে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন এই ব্যবস্থায় তালিকাভুক্ত হাসপাতালগুলোকে মোট তিনটি টিয়ারে ভাগ করা হয়েছে— কলকাতা শহর (টিয়ার-১) থেকে আসানসোল, দুর্গাপুর ও শিলিগুড়িতে (টিয়ার-২) খরচের বরাদ্দ ১০ শতাংশ কম এবং বাকি অন্যান্য জেলায় (টিয়ার-৩) তা ২০ শতাংশ কম রাখা হয়েছে। এছাড়া বেশ কিছু অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও নতুন চিকিৎসাপদ্ধতিকে এই বিমার আওতাভুক্ত করা হলেও টাটা মেডিক্যাল সেন্টার, সিএনসিআই এবং এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে পুরানো নিয়মই বলবৎ থাকছে।
দীর্ঘদিন ধরে বিমার আর্থিক বরাদ্দ না বাড়ায় বেসরকারি হাসপাতালগুলোতে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের রোগীদের পরিষেবা দিতে যে অনীহা ও জটিলতা দেখা যাচ্ছিল, সরকারের এই পদক্ষেপে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। প্রাইভেট হাসপাতাল ও নার্সিংহোম সংগঠনের পক্ষে ডা. রাজীব পাণ্ডে জানিয়েছেন, চিকিৎসা খরচের ঊর্ধ্বগতির বাজারে সরকারের এই সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপের ফলে সরকারি কর্মী ও পেনশনভোগীরা এখন থেকে যেকোনো তালিকাভুক্ত হাসপাতালে হয়রানিমুক্ত উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাবেন। একদিকে নতুন রেট কার্যকর হওয়ায় হাসপাতালগুলোর আর্থিক সামঞ্জস্য রক্ষা পাবে, অন্যদিকে রোগীদের ভর্তির ক্ষেত্রও সুগম হবে। রাজ্য সরকারের এই যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রতিটি ছোট-মাঝারি বেসরকারি নার্সিংহোম ও সাধারণ কর্মীবৃন্দ।