২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, ফাইনাল কবে জানেন?
বার্তা ডেস্কঃ
আগামী ২০২৭ সালের আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে পারে মহাত্মা গান্ধীর জন্মতিথিতে। আগামী বছরের ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনটিকে টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য মুহূর্ত হিসেবে বিবেচনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ার যৌথ আয়োজনে দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকা মহাদেশে ফিরছে এই মেগা আসর। ঐতিহাসিক ও আবেগঘন তাৎপর্য মাথায় রেখে উদ্বোধনী তারিখ এগিয়ে আনার পরিকল্পনা চললেও, ২১ নভেম্বরের নির্ধারিত ফাইনালে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। প্রায় ৫০ দিনব্যাপী চলা এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক চূড়ান্ত সূচি এখনও প্রকাশ করেনি আইসিসি।
এবারের ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ১৪ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডসহ আটটি দল ইতোমধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি দলগুলোর জন্য কোয়ালিফায়ার পর্বের লড়াই হবে। টুর্নামেন্টের নতুন ফরম্যাট অনুযায়ী, নিচের সারির দলগুলোকে নিয়ে একটি প্রাথমিক পর্বের পর ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করে মূল লড়াই শুরু হবে। তিনটি দেশের মোট ১২টি ভেন্যুতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।