বিজেপির নতুন টিমে স্মৃতি ইরানির বড় চমক, অমিত মালব্যর বিদায়!

বার্তা ডেস্কঃ

জাতীয় স্তরে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটিয়ে চমক দিল বিজেপি। দলের জাতীয় সভাপতি নীতিন নবীন তাঁর নতুন টিম ঘোষণা করতেই সবচেয়ে বড় খবর হয়ে উঠেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির রাজকীয় প্রত্যাবর্তন। দীর্ঘ বিরতির পর তাঁকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এই নতুন কমিটিতে অভিজ্ঞতার পাশাপাশি নতুন প্রজন্ম, আঞ্চলিক ভারসাম্য এবং বিশেষ করে নারী প্রতিনিধিত্বে জোর দেওয়া হয়েছে। ১৩ জন জাতীয় সহ-সভাপতির মধ্যে বসুন্ধরা রাজে, ডি পুরন্দেশ্বরী ও পশ্চিমবঙ্গের মধুচ্ছন্দা কর সহ ৬ জনই মহিলা। এছাড়া দলের সংগঠনে বি এল সন্তোষ নিজের পদ ধরে রাখলেও মিডিয়া ও সোশ্যাল মিডিয়া বিভাগে আনা হয়েছে আমূল পরিবর্তন।

আগামী দিনের রাজনৈতিক লড়াই ও সাংগঠনিক বিস্তারকে মাথায় রেখেই এই নতুন দল সাজিয়েছে পদ্ম শিবির। পশ্চিমবঙ্গের মধুচ্ছন্দা করের পাশাপাশি কেরল, ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারতের একাধিক নেতৃত্বকে কেন্দ্রীয় সংগঠনে গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে। অন্যদিকে মিডিয়া কো-অর্ডিনেটর করা হয়েছে অনিল বালুনিকে এবং সোশ্যাল মিডিয়ার দায়িত্ব পেয়েছেন দীপক মাস্কে। উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সম্বিত পাত্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও নবীন প্রবীণের ভারসাম্যে গঠিত এই নতুন জাতীয় কমিটি কেবল দলের ভেতরের পরিবর্তন নয়, বরং আগামী নির্বাচনগুলির কৌশলগত ব্লু-প্রিন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *