কাটোয়ায় ফ্ল্যাট কিনেছেন? মিউটেশন না করালে মিলবে না এক ফোঁটা পরিষেবা!
বার্তা ডেস্কঃ
কাটোয়া শহরে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বহুতল নির্মাণ এবং মিউটেশন ছাড়াই ফ্ল্যাট কেনাবেচার অভিযোগে বড় পদক্ষেপ করল পুরসভা। শহরের বিভিন্ন ওয়ার্ডে গড়ে ওঠা একাধিক বহুতলের বাসিন্দাদের অবিলম্বে মিউটেশন করানোর নির্দেশ দিয়ে কড়া নোটিস পাঠানো হয়েছে। পুরসভার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মিউটেশন না করালে সংশ্লিষ্ট বহুতলের বাসিন্দারা কোনো ধরনের পৌর পরিষেবা পাবেন না। এই পরিস্থিতিতে প্রায় দেড়শ পরিবার চরম অনিশ্চয়তা ও বিপাকে পড়েছেন।
পুরসভা সূত্রে জানা গেছে, কাটোয়ার বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত অধিকাংশ বহুতলই নিয়ম ভেঙে কম্প্লিশন সার্টিফিকেট বা সিসি ছাড়াই ফ্ল্যাট বিক্রি করেছে। ছ’টির বেশি অ্যাপার্টমেন্ট থাকা সত্ত্বেও রাজ্য সরকারের ডব্লুআরইআরএ পোর্টালে নিয়মমাফিক তথ্য নথিভুক্ত করা হয়েছে কিনা, তা নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে। কীভাবে এই বেআইনি কারবার চলল এবং কাদের ইশারায় পুরসভার নিয়ম এড়িয়ে ফ্ল্যাট বিক্রি করা হলো, তা নিয়ে জোরদার তদন্তের দাবি তুলেছেন সচেতন নাগরিকরা।