আলু ও পাটের পর এবার সুগন্ধি ধানের দরপতন, দিশেহারা চাষিরা!
বার্তা ডেস্কঃ
আলু ও পাটের পর এবার পূর্ব বর্ধমানের ‘শস্যগোলা’ অঞ্চলে সুগন্ধি গোবিন্দভোগ ধানের দাম কমায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কেরল ও দুবাইয়ে এই চালের চাহিদা কমার কারণে বর্তমানে ৬০ কেজি ধান মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচের তুলনায় বেশ কম। গোবিন্দভোগ চাষ ব্যয়বহুল ও ফলন কম হওয়ায় ৬০ কেজি ধানের দাম সাত থেকে সাড়ে সাত হাজার টাকা হওয়া দরকার। কিন্তু ফড়েরা বাজার নিয়ন্ত্রণ করে কম দামে ধান কিনে মজুত করায় সংকট তৈরি হচ্ছে, যার সুযোগ নিচ্ছে অন্য রাজ্যের ব্যবসায়ীরা।
মহারাষ্ট্রে উৎপাদিত ‘কলম’ চাল কেরল ও দুবাইয়ের বাজারে বিকল্প হয়ে ওঠায় গোবিন্দভোগের চাহিদা আরও কমেছে। ফড়েদের সিন্ডিকেট ভাঙতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন চাষিরা। আলু ও পাটের ন্যায্য দাম না পাওয়ায় চাষিরা এমনিতেই সংকটে রয়েছেন, তার ওপর ধানের এই দরপতন চাষে অনীহা তৈরি করতে পারে। দ্রুত সরকারি পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই সুগন্ধি ধান চাষ মুখ থুবড়ে পড়তে পারে।