‘টুকরে টুকরে গ্যাং’ রুখতে পথে নামছেন মহিলারা, শুভেন্দুর হুঙ্কার!
বার্তা ডেস্কঃ 
দেশ মাতৃকা ও জাতীয় সংস্কৃতি রক্ষায় মা-বোনেদের বীরাঙ্গনার ভূমিকায় অবতীর্ণ হয়ে ‘টুকরে টুকরে গ্যাং’-এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তীব্র আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘অন্নপূর্ণা যোজনা’ সহ একাধিক নারীকল্যাণমুখী প্রকল্পের কথা তুলে ধরে তিনি স্পষ্ট জানান, যে অপশক্তি দেশের অভ্যন্তরে থেকে স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদে আঘাত হানতে চায়, তাদের বিরুদ্ধে মাতঙ্গিনী হাজরা, রানি রাসমণি, বীণা দাস কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদারের পথ অনুসরণ করেই নারীদের সোচ্চার হতে হবে। উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে উপভোক্তাদের নিয়ে ‘অন্নপূর্ণা যোজনা বাহিনী’ বা একটি সামাজিক গোষ্ঠী গড়ে তোলার পাশাপাশি নারী সুরক্ষায় বিশেষ পদক্ষেপ ও স্কিমে স্বচ্ছতা আনতেই আগামী ২০ অগস্ট থেকে একটি বিশেষ ওয়েব পোর্টাল চালু করার কথাও ঘোষণা করা হয়েছে।
নারী ক্ষমতায়ন ও সুরক্ষায় একগুচ্ছ প্রতিশ্রুতি বাস্তবায়নের খতিয়ান তুলে ধরে প্রশাসনিক তৎপরতার ওপর জোর দেন তিনি। পূর্বতন সরকারের নানা অনিয়ম ও রাজকোষের শৃঙ্খলার প্রসঙ্গ টেনে প্রকৃত যোগ্যদের হাতে সরকারি সহায়তা পৌঁছানোর বার্তা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা, সুরক্ষা ও কর্মসংস্থানমূলক একাধিক পদেক্ষেপের উল্লেখ করে জানানো হয়েছে— আইসিডিএস ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, ছাত্রীদের আর্থিক সহায়তা বৃদ্ধি এবং গর্ভবতী মায়েদের দৈনিক খাদ্য বরাদ্দ বাড়ানো হয়েছে। নারী নিরাপত্তায় বিশেষ ‘দুর্গা স্কোয়াড’, দুটি নতুন মহিলা ব্যাটালিয়ন এবং দ্রুত প্রশাসনিক সহায়তার জন্য সমন্বিত জরুরি নম্বর ‘১১২’ চালুর মাধ্যমে রাজ্যের আইনশৃঙ্খলা ও নারী সুরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করার অঙ্গীকার করা হয়েছে।