হরমুজে কাটল অচলাবস্থা, ট্রাম্পের চাপে কি হার মানল ইরান?
বার্তা ডেস্কঃ
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর বন্ধ থাকা হরমুজ প্রণালী নিয়ে বড় ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যম ট্রুথ সোশালে তিনি জানান, নৌ-অবরোধ বহাল রেখেই প্রণালীতে পাতা সমস্ত মাইন অপসারণ বা নিষ্ক্রিয় করা হয়েছে এবং প্রণালীটি বর্তমানে সম্পূর্ণ মুক্ত ও সচল।পাশাপাশি ইরানের সাথে আপাতত কোনো আলোচনার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।আন্তর্জাতিক সিএনএন প্রতিবেদনের সূত্রে জানা গেছে, ৮০ শতাংশেরও বেশি জাহাজ ওমানি রুট ব্যবহার করছে, যা ওই অঞ্চলে ইরানের প্রভাব কমার ইঙ্গিত দেয়।
মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সম্পূর্ণ খারিজ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী কোনোভাবেই খোলা হবে না।ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি উলটে দাবি করেন, ওয়াশিংটনের লক্ষ্য ব্যর্থ হয়েছে এবং আমেরিকা এখন আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে।কূটনৈতিক ও সামরিক উভয়ক্ষেত্রেই নিজেদের জয়ী দাবি করে তেহরান হুংকার দিয়েছে, মার্কিন চাপে নতি স্বীকার করার প্রশ্নই ওঠে না।