জিন্নার গোপন রোগ জানতেন দুই ভারতীয় চিকিৎসক, পাচ্ছেন পাকিস্তানের সর্বোচ্চ সম্মান!
বার্তা ডেস্কঃ
দেশের ভাগের ইতিহাস সম্পূর্ণ পাল্টে দিতে পারত যে গোপন সত্য, তা আজীবন বুকচাপা দিয়ে রেখেছিলেন দুই ভারতীয় চিকিৎসক! পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নার প্রাণঘাতী যক্ষ্মা রোগের তথ্য গোপন রাখার স্বীকৃতিস্বরূপ মুম্বইয়ের দুই প্রখ্যাত পার্সি চিকিৎসক ড. জল রতনজি প্যাটেল এবং রেডিওলজিস্ট ড. জল ধায়ভো-কু-কে মরণোত্তর দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘নিশান-ই-ইমতিয়াজ’-এর জন্য মনোনীত করেছে ইসলামাবাদ। সম্প্রতি পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল এই চাঞ্চল্যকর ঘোষণা করেছেন।
জানা গিয়েছে, ১৯৪৬ সালে জিন্নার এক্স-রে করে এই দুই চিকিৎসক বুঝতে পেরেছিলেন যে তাঁর যক্ষ্মা রোগটি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে এবং তাঁর আয়ু মাত্র এক থেকে দু’বছর বাকি রয়েছে। চিকিৎসাসেবার পেশাগত গোপনীয়তার নীতি বজায় রেখে তাঁরা এই গুরুতর তথ্য সম্পূর্ণ গোপন রাখেন। ইতিহাসবিদদের মতে, সে সময় এই তথ্য প্রকাশ পেলে ভারত বিভাজন ও পাকিস্তান গঠনের সমীকরণ অন্য রূপ নিতে পারত। আগামী ২০২৭ সালের মার্চ মাসে এই দুই প্রখ্যাত চিকিৎসককে এই মরণোত্তর সম্মান প্রদান করা হবে।