কলকাতায় বাড়ি কেনার সুবর্ণ সুযোগ, কোথায় মিলছে সবচেয়ে সস্তায় ফ্ল্যাট?
বার্তা ডেস্কঃ
PropTiger-এর ‘Real Insight Residential’ সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে কলকাতার রিয়েল এস্টেট বাজারে লক্ষণীয় উত্থান দেখা গেছে। আগের ত্রৈমাসিকের তুলনায় শহরে বাড়ি বিক্রি একধাক্কায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দেশের শীর্ষ আটটি প্রধান শহরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি। একই সময়ে নতুন আবাসন প্রকল্পের সরবরাহও ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৯,১৬১ ইউনিটে। সার্বিকভাবে দেশজুড়ে বাড়ি বিক্রি বার্ষিক ৬.১ শতাংশ কমলেও এবং কলকাতার বার্ষিক হার ৮.৬ শতাংশ ঋণাত্মক থাকলেও, এই সাম্প্রতিক উত্থান শহরের বাজার ঘুরে দাঁড়ানোর ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
কলকাতার আবাসন বাজার চাঙ্গা হওয়ার পেছনে সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাটের বিশেষ ভূমিকা রয়েছে। মধ্যবিত্ত ক্রেতাদের মূল আকর্ষণ হয়ে উঠেছে বারাসাত, মধ্যমগ্রাম, কেষ্টপুর এবং বাগুইআটির মতো এলাকাগুলো, যেখানে তুলনামূলক কম দামে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। দেশের অন্যান্য বড় শহরগুলোতে যেখানে বাড়ির দাম গড়ে প্রতি বর্গফুটে ১০,১৫৩ টাকায় পৌঁছেছে, সেখানে কলকাতায় এখনও সাধ্যের মধ্যে আবাসন মিলছে। আসন্ন উৎসবের মরসুমে কলকাতায় আবাসন কেনাবেচার এই সুবাতাস এবং চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন বাজার বিশেষজ্ঞরা।