১ অক্টোবর থেকে এসবিআই গ্রাহকদের টাকা তোলায় বড় পরিবর্তন!
বার্তা ডেস্কঃ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের বিশেষ বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টের পরিষেবা সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হতে চলা এই নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতি মাসে চারটি ক্যাশ উইথড্রয়াল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন গ্রাহকরা। তবে চারটির বেশি লেনদেন করলেই প্রতিটি বাড়তি ক্যাশ উইথড্রয়ালের জন্য ১৫ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য জিএসটি অতিরিক্ত চার্জ হিসেবে কেটে নেওয়া হবে।
শুধু তাই নয়, বিনামূল্যে টাকা তোলার চারটির লেনদেন কীভাবে হিসাব করা হবে, সেই পদ্ধতির ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। পূর্বে ডিজিটাল লেনদেনকে এই চারটির হিসাব থেকে আলাদা রাখা হলেও নতুন নিয়মে সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে। এখন থেকে এসবিআই বা অন্য ব্যাঙ্কের এটিএম, ব্যাঙ্কের শাখা কিংবা আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেমের (AEPS) মাধ্যমে করা সব ক্যাশ উইথড্রয়াল মিলিয়ে মাসে চারবার বিনামূল্যে পরিষেবা মিলবে, যার বেশি লেনদেন হলেই দিতে হবে অতিরিক্ত জরিমানা।