কেনিয়ায় মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় ঝরল ৮ প্রাণ!
বার্তা ডেস্কঃ
অনলাইন ডেস্ক: কেনিয়ায় একটি পর্যটকবাহী হেলিকপ্টার ভেঙে পড়ে চালকসহ মোট আটজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের তালিকায় রয়েছেন ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিচেল সেনসি কন্টুগি, তাঁর স্ত্রী এবং আমেরিকার পাঁচ নাগরিক। নিহত হয়েছেন কপ্টারের পাইলটও।
কেনিয়া সিভিল অ্যাভিয়েশন অথরিটি (KCAA) সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিট নাগাদ রাজধানী নাইরোবির উত্তর দিকের সম্বুরু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা সকলেই কেনিয়ায় ছুটি কাটাতে ও সাফারিতে গিয়েছিলেন। জনপ্রিয় ‘লোইসাবা ওয়াইল্ডলাইফ রিজার্ভ’ থেকে পর্যটকদের নিয়ে হেলিকপ্টারটি উঁচেছিল ‘ইওয়াসো নিয়োরো’ এলাকার উদ্দেশে। স্থানীয় ‘লেডি লরি’ নামক একটি সংস্থা থেকে কপ্টারটি ভাড়া নেওয়া হয়েছিল।
প্রাথমিক অনুমান, মাউন্ট ওলোলোকওয়ের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার জেরেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার পরপরই এতে আগুন ধরে যায়। দুর্গম ভৌগোলিক অবস্থান এবং জ্বলতে থাকা আগুনের কারণে উদ্ধারকাজ চালাতে চরম বেগ পেতে হয় কেনিয়া রেড ক্রসকে। বুধবার রাতে অন্ধকারের কারণে উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিতও রাখতে হয়েছিল।
এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছেন ইকুয়েডরের ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টার’-এর প্রধান মিশেল সেনসি-কন্টুগি এবং তাঁর স্ত্রী স্টেফানি হলিহান (মার্কিন নাগরিক)। ইকুয়েডরের প্রেসিডেন্টের দপ্তর থেকে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া নিহতদের মধ্যে রয়েছেন মার্কিন বিনোদন জগতের পরিচিত মুখ তথা জনপ্রিয় এক টেলিভিশন প্রোডাকশন হাউসের ৫৫ বছর বয়সি প্রেসিডেন্ট জোসে সুয়ারেজ।
মার্কিন বিদেশ দপ্তর থেকে পাঁচ নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে, কেনিয়ার মার্কিন দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং শোকসন্তপ্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে কেনিয়ার এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বিভাগ ও সিভিল অ্যাভিয়েশন অথরিটি যৌথ তদন্ত শুরু করেছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এই অঘটন পর্যটকবাহী হেলিকপ্টারের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।