শিল্প ও বিদ্যুতে নতুন বিনিয়োগ, রাজ্যে তৈরি হবে ৭০ হাজার কর্মসংস্থান!
August 20, 2026
বার্তা ডেস্কঃ
রাজ্যে শিল্প ও পরিকাঠামো উন্নয়নের গতি বাড়াতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে শিল্প ও বিদ্যুৎ সংক্রান্ত একাধিক প্রকল্পে জমি বণ্টন এবং দীর্ঘমেয়াদি বন্দোবস্তের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
- শিল্প পার্ক ও জমি বণ্টন: পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের (WBIDC) অধীন ৮টি শিল্প পার্কের ২৪টি ইউনিটে প্রায় ৪৬৩ একর জমি দীর্ঘমেয়াদি লিজে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে আনুমানিক ৬২,৭১২ জনের কর্মসংস্থান হবে। এছাড়া, পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের (WBIDFC) ৪টি শিল্প পার্কের ৯টি ইউনিটকে ৭৮ একরের বেশি জমি দেওয়া হচ্ছে, যা আরও ৫,৮৭২ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
- বিদ্যুৎ প্রকল্প: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৩৩ কেভি সাব-স্টেশনের জন্য ৪০ একর খাস জমি ৯৯ বছরের লিজে এবং ঝাড়গ্রামের সাঁকরাইলে ১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় ৪৫ একর জমি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে বরাদ্দ করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে রাজ্যজুড়ে বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালী হওয়ার পাশাপাশি হাজার হাজার মানুষের নতুন কাজের সুযোগ তৈরি হতে চলেছে।