‘আমার বাবা কে জানেন?’—জেন জ়ি-র এই নতুন লব্জ কি সত্যিই হুমকি!
বার্তা ডেস্কঃ
নিজের প্রভাব বা পাওয়ার দেখাতে একসময় বহুল ব্যবহৃত বাক্য ছিল— “আমার বাবা কে জানেন?” কিন্তু সময় বদলেছে, আর তার সঙ্গে বদলেছে দাপট দেখানোর ভাষাও। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার মতে, সেই পুরনো বাক্যের জায়গা এখন দখল করেছে— “আমরা জেন জ়ি (Gen Z)”। সম্প্রতি একটি ঘটনায় এই নয়া লব্জ যেভাবে হুমকির সুর হিসেবে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ঘটনার নেপথ্যে কী? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিয়ো তুমুল ভাইরাল হয়। জানা গিয়েছে, গত ২৬ জুলাই ‘কার্গিল বিজয় দিবস’ উপলক্ষে নিরাপত্তার খাতিরে দ্রাসের মিনিমার্গ-জোজিলা-সোনমার্গ সড়কে সাময়িক যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফলে কার্গিলের মিনিমার্গ চেকপোস্টে দীর্ঘ পাঁচ ঘণ্টা আটকে থাকতে হয় বেশ কিছু পর্যটককে।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর অধৈর্য হয়ে এক মহিলা পর্যটক নিরাপত্তাকর্মীদের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন। ভিড়ের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “একজন মন্ত্রী চলে গেলেন, অথচ সাধারণ পর্যটকদের কেন আটকে রাখা হচ্ছে?” নিরাপত্তাকর্মীরা নিরাপত্তার অজুহাত দিলে তিনি আরও ক্ষুব্ধ হয়ে চিৎকার করে বলেন— “We are Gen Z, we won’t tolerate this nonsense!” (আমরা জেন জ়ি, এসব অন্যায় বরদাস্ত করব না)।
ওমর আবদুল্লার প্রতিক্রিয়া: এই ভাইরাল ভিডিয়ো দেখে অসন্তোষ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, “এখন আর কেউ দাপট দেখাতে ‘আমার বাবা কে’ বলছে না, বলছে ‘উই আর জেন জ়ি’।” ওমরের সতর্কবার্তা, সামান্য কোনো অসুবিধা বা ব্যক্তিগত অপমানের জেরে যদি একে হুমকির হাতিয়ার করা হয়, তবে ছাত্র আন্দোলন থেকে শুরু করে জেন জ়ি প্রজন্মের প্রতি সাধারণ মানুষের যে সম্মান ও সদিচ্ছা তৈরি হয়েছিল, তা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে।
তরুণ প্রজন্মের মন জয়ে কেন্দ্রের নয়া পরিকল্পনা: অন্যদিকে, জেন জ়ি বা তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি মেলবন্ধন বাড়াতে একটি বিশেষ উদ্যোগ নিতে চলেছে মোদী সরকার। কেন্দ্র ‘ওয়ান ডে, ওয়ান ইউনিভার্সিটি’ (One Day, One University) নামে একটি নতুন কর্মসূচি চালুর পরিকল্পনা করছে।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো— প্রতিদিন একজন করে কেন্দ্রীয় মন্ত্রী দেশের যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে পড়ুয়াদের মুখোমুখি হবেন। মন্ত্রীরা শিক্ষার্থীদের সমস্যার কথা শোনার পাশাপাশি দেশ গঠনে তরুণদের মতামত গ্রহণ করবেন এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাঁদের অবহিত করবেন।