৪২ ইঞ্চির ভুঁড়ি আছে? তবে এবার ময়দান কাঁপানোর পালা!

বার্তা ডেস্কঃ

ফুটবলপ্রেমী বাঙালির জন্য এবার এক অদ্ভুত ও বিনোদনমূলক খেলার সাক্ষী হতে চলেছে উত্তর ২৪ পরগনার লেনিনগড়। সেখানকার শিব মন্দির কমিটির উদ্যোগে দীর্ঘ ১৮ বছর পর ফের আয়োজিত হতে যাচ্ছে ঐতিহাসিক ‘গণপতি প্রদর্শনী ফুটবল’। তবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম বেশ কড়া ও চমকপ্রদ—খেলোয়াড়ের বয়স হতে হবে অন্তত ৪০ বছর এবং ভুঁড়ির মাপ হতে হবে ন্যূনতম ৪২ ইঞ্চি। মাঠে নামার আগে ফিতে দিয়ে মেপে নেওয়া হবে প্রতিটি খেলোয়াড়ের পেট। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত চালু থাকা এই ঐতিহ্যবাহী ম্যাচটি এবার আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে সুভাষ সংঘের মাঠে, যেখানে দলগুলোর প্রবেশ ঘটবে গণেশ মূর্তি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে।

শুধুমাত্র নিখাদ আনন্দ ও বিনোদনের জন্য এই আয়োজন করা হলেও এর পেছনে রয়েছে এক বিশেষ সামাজিক উদ্দেশ্য। বর্তমান মোবাইলনির্ভর প্রজন্মকে মাঠমুখী করা এবং বয়সের সাথে সাথে অতিরিক্ত মেদজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। উদ্যোক্তারা বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১১ জন করে ‘গণপতি’ খেলোয়াড় বাছাই ও নাম নথিভুক্তির কাজ শুরু করে দিয়েছেন। খেলাটি ঘিরে পুরো এলাকাজুড়ে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে এবং মাঠে রেকর্ড সংখ্যক দর্শকের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *