যাদবপুরে রণক্ষেত্র পরিস্থিতি! সামলাতে নামল বিশাল পুলিশ বাহিনী
বার্তা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ও ডানপন্থী ছাত্র সংগঠনের দ্বন্দ্বকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল পুরো চত্বরে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ফেটসুর সাধারণ সভার বৈঠক চলাকালীন এবিভিপি সদস্যদের প্রবেশ ও মারধরের অভিযোগকে ঘিরে অশান্তির সূত্রপাত হয়। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এসএফআই এবং এবিভিপি—দুই পৃথক ছাত্র সংগঠন পালটা মিছিল ও জমায়েতের ডাক দিলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকুরিয়া ব্রিজ ও এইট বি বাসস্ট্যান্ডের কাছে ব্যারিকেড দিয়ে উভয় পক্ষের মিছিল আটকে দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে ধাক্কাধাক্কির মধ্যেই কয়েকজন এবিভিপি সদস্য বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে উঠে দলীয় পতাকা টাঙিয়ে দেন, যা নিয়ে বাম ছাত্রছাত্রীদের সঙ্গে তীব্র হাতাহাতি শুরু হয়। এই অশান্তির জেরে আটকে পড়েন এসএফআই রাজ্য সভাপতি দেবাঞ্জন দে ও দীপ্সিতা ধরের মতো যুবনেতারা। ক্যাম্পাসের ভেতরে এআইডিএসও-র পৃথক প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ভেতর ও বাইরে সৃষ্টি হয় থমথমে পরিবেশ।