যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, ১১ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ!
বার্তা ডেস্কঃ
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে জিবি মিটিং চলাকালীন বামপন্থী ও এবিভিপি সমর্থকদের মধ্যে একতরফা ইউনিয়ন গঠন নিয়ে তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতি বেঁধে যায়। ঘটনায় নিখিল দাস ও দীপ্তিমান কর নামে দুই এবিভিপি সদস্য আহত হলে তাঁদেরকে কেপিসি হাসপাতালে ভর্তি করানো হয়। মধ্যরাতে শর্বরী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে অরিত্র সরকার নামে এক শিক্ষার্থী যাদবপুর থানায় এফআইআর দায়ের করেন। ডায়াল ১০০-এর বার্তা এবং প্রো-ভাইস চ্যান্সেলরের অনুরোধে পুলিশ ক্যাম্পাসে হস্তক্ষেপ করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে তফসিলি জাতি-জনজাতি অত্যাচার প্রতিরোধ আইন সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।
বুধবার রাতের এই রণক্ষেত্রের রেশ গড়ায় বৃহস্পতিবার সকালেও, যেখানে দুটি বিপরীতমুখী রাজনৈতিক শিবির পৃথক কর্মসূচি ঘোষণা করে। বাম ছাত্র সংগঠন এসএফআই এইট বি মোড় থেকে এবং এবিভিপি গোলপার্ক থেকে তাদের নিজস্ব মিছিলের আয়োজন করে। দেবাঞ্জন দে এবং দীপ্সিতা ধরের নেতৃত্বে বামেদের মিছিলটি শুরু হওয়ার পরপরই পুলিশি বাঁধায় আটকে যায়। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে পুলিশি তৎপরতা বৃদ্ধির পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয় চত্বরে চরম মানসিক চাপ ও উত্তপ্ত পরিবেশ বজায় রয়েছে।