অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ: বাড়িতে গিয়ে কেওয়াইসি সারার প্রস্তাব দিল ব্যাঙ্ক!

বার্তা ডেস্কঃ

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্টে নতুন মোড়। বৃহস্পতিবার মামলার শুনানিতে ব্যাংক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, বর্তমানে অনলাইনে কেওয়াইসি (KYC) আপডেট করার কোনো সুযোগ নেই অভিষেকের কাছে। ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ হয়ে থাকায় এই প্রক্রিয়াটি অফলাইনেই সারতে হবে। তবে এই কাজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কষ্ট করে ব্যাংকে যেতে হবে না বলেও আদালতে প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংক।

আদালতে ব্যাঙ্কের নয়া প্রস্তাব সাংসদের যাতে কোনো ধরনের হয়রানি না হয়, তার জন্য এক বিশেষ রফাসূত্র বাতলেছে ব্যাংক কর্তৃপক্ষ। জানানো হয়েছে, ব্যাংকেরই একজন প্রতিনিধি সরাসরি অভিষেকের বাড়িতে যাবেন এবং প্রয়োজনীয় নথিপত্র ও স্বাক্ষর সংগ্রহ করে আনবেন। এর জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো যেসব নথির প্রয়োজন হবে, তার তালিকা আগেই অভিষেককে জানিয়ে দেওয়া হবে।

অভিষেকের আইনজীবীর যুক্তি ও ক্ষোভ ব্যাংকের এই প্রস্তাবে সন্তুষ্ট হননি অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতে প্রশ্ন তোলেন, কোনো অগ্রিম নোটিশ না দিয়েই কেন হুট করে অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো, তার কোনো ব্যাখ্যা ব্যাংক এখনো দেয়নি। যেখানে কেওয়াইসি-র মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে, সেখানে এখনই কেন এই তাড়াহুড়ো?

হাই কোর্টের প্রতিক্রিয়া ও আগামী শুনানি এর আগে শুনানির শুরুতেই ব্যাংক কর্তৃপক্ষের ওপর বেজায় ক্ষুব্ধ হন বিচারপতি কৃষ্ণ রাও। তিনি প্রশ্ন তোলেন, ব্যাংক কি সশরীরে অভিষেকের মুখ দেখতে চাইছে নাকি? তবে পরবর্তীতে বিচারক জানান, অভিষেকের বাড়িতে গিয়ে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট ও দুটি ক্রেডিট কার্ড সচল করার বিষয়টি বিবেচনা করবে আদালত।

আগামী সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের সূচি থাকায় দ্রুত শুনানির আবেদন জানান তাঁর আইনজীবী। আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী সোমবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *