বিদায় নিচ্ছে বর্ষা! সেপ্টেম্বরে চরম খরায় কোন রাজ্যগুলো বিপাকে?
বার্তা ডেস্কঃ
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দুর্বল হওয়ায় দেশে বৃষ্টির ঘাটতি তীব্র হচ্ছে। স্কাইমেটের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দীর্ঘমেয়াদি গড়ের মাত্র ৯৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অগাস্টে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির আশঙ্কা ৬০ শতাংশ হলেও, সেপ্টেম্বরে তা ৭০ শতাংশে পৌঁছাতে পারে। ফলে দেশের একাধিক অঞ্চল থেকে বর্ষার আগাম বিদায় এবং খরার পরিস্থিতির স্পষ্ট ইঙ্গিত মিলছে। পয়লা জুন থেকে দেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে ১৩ শতাংশ কম। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলিতে বৃষ্টির প্রবল ঘাটতি দেখা দিয়েছে, যা মাটির আর্দ্রতা ও খারিফ চাষে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে।
অন্যদিকে, পূর্ব ভারতে সম্পূর্ণ ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং ওড়িশায় বৃষ্টির কোনো ঘাটতি নেই। ঝাড়খণ্ডের ওপর থাকা শক্তিশালী নিম্নচাপের জেরে আগামী কয়েক সপ্তাহে পূর্ব ও মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অর্থাৎ, বর্ষার সমবণ্টন না হওয়ায় দেশের এক প্রান্তে যখন খরার ভ্রুকুটি, ঠিক তখনই অন্য প্রান্তে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর।