‘চিকেনস নেক’ কি এখন অরক্ষিত? উত্তরবঙ্গ সফরে অমিত শাহ!
বার্তা ডেস্কঃ
উত্তরবঙ্গ: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা জোরদার করতে আজ, বৃহস্পতিবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২২ আগস্ট পর্যন্ত চলা এই সফরে শিলিগুড়ি, সুকনা, রানিডাঙা এবং কাওয়াখালির একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তাঁর পরপর কর্মসূচি রয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, আজ সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সরাসরি চলে যাবেন সুকনার একটি রিসর্টে। সফরের প্রথম রাতে সেখানেই অবস্থান করবেন তিনি। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সকালে রানিডাঙায় সশস্ত্র সীমা বল (SSB)-এর ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে একাধিক পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসবেন।
শুক্রবার বিকেলে কাওয়াখালি ময়দানে একটি বৃহৎ নাগরিক কর্মসূচিতে অংশ নেবেন অমিত শাহ। সেখানে দেশের তিনটি নতুন ফৌজদারি আইন ও ‘ভারতীয় ন্যায় সংহিতা’ সংক্রান্ত জনসচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। ওই দিন রাতে সুকনায় বিএসএফ, এসএসবি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে তাঁর একটি গোপন বৈঠক করার কথা রয়েছে, যেখানে অনুপ্রবেশ ও সীমান্ত চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। শনিবার স্থানীয় প্রশাসন ও জেলা আধিকারিকদের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠক সেরে বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।