নিলামের মঞ্চেও মেসি-রোনাল্ডো দ্বৈরথ! সিআরসেভেনকে ৬ গুণ পেছনে ফেলে ইতিহাস গড়লেন এলএমটেন
বার্তা ডেস্কঃ
মাঠের লড়াই এবার গড়াল নিলামের মঞ্চেও, তবে সেখানে প্রতিদ্বন্দ্বীকে কার্যত উড়িয়ে দিলেন লিওনেল মেসি। সম্প্রতি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ম্যাসিয়োর রড থর্নলির সংগ্রহে থাকা বিশ্ব ফুটবলের এই দুই কিংবদন্তির জার্সি নিলামে উঠতেই শুরু হয় তুমুল লড়াই। নিলামের হাতুড়ি শেষে দেখা যায়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সির চেয়ে মেসির জার্সির দাম উঠেছে পাক্কা ছ’গুণ বেশি! যেখানে রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ জার্সির সর্বোচ্চ দর উঠেছে ১০,৬০১ ডলার, সেখানে মেসির বার্সেলোনার জার্সিটি বিক্রি হয়েছে অবিশ্বাস্য ৬৬,১০৭ ডলারে।
দুই মহাতারকার বিশ্বজোড়া জনপ্রিয়তার মাঝে দামের এই বিশাল আসমানজমিন তফাত সবাইকে চমকে দিয়েছে। সংগ্রাহকদের মতে, এই পার্থক্যের মূল কারণ জার্সির ঐতিহাসিক গুরুত্ব। মেসির জার্সিটি ছিল ২০১২ সালে ম্যান ইউয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে তাঁর ‘ম্যাচ-ওর্ন’ বা পরিহিত জার্সি, যা তিনি ব্যক্তিগতভাবে সই করে থর্নলিকে উপহার দিয়েছিলেন। অন্যদিকে, রোনাল্ডোর সই করা সিআরসেভেন জার্সিটি কেবল ‘ম্যাচ-ইস্যুড’ ছিল, অর্থাৎ তিনি সেটি পরে মাঠে নামেননি। স্মারকের বাজারে ফুটবল তারকাদের ব্যবহৃত সরঞ্জামের কদর যে সবসময়ই বেশি, এই রেকর্ড দর তা আরও একবার প্রমাণ করল।