১৮ বছরেই বিশ্বসেরা অধ্যাপক! ৩০৬ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিস্ময় বালক
বার্তা ডেস্কঃ
১৮ বছর বয়সে যখন অধিকাংশ তরুণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াইয়ে ব্যস্ত, ফ্লোরিডার নাথান থমাস তখন ক্লাসরুমের সামনের সারিতে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ দিচ্ছেন। মাত্র ১৮ বছর ৩৪৬ দিন বয়সে বিশ্বের কনিষ্ঠতম পুরুষ অধ্যাপক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি। নাথানের এই অনন্য অর্জনের ফলে ভেঙে গেছে ১৭১৭ সালে স্কটিশ গণিতবিদ কলিন ম্যাকলরিনের গড়া ৩০৬ বছরের পুরনো রেকর্ড। বর্তমানে মিয়ামি ডেড কলেজের ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত এই মেধাবী তরুণ প্রমাণ করেছেন যে, প্রবল ইচ্ছা ও নিষ্ঠার সামনে বয়স কেবল একটি সংখ্যা মাত্র।
মাত্র ১০ বছর বয়সে কলেজে পা রাখা নাথান ১৪ বছর বয়সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে অধ্যাপনার পাশাপাশি তিনি মায়ামি ইউনিভার্সিটি স্কুল অফ ল-তে আইন বিষয়ে পড়াশোনা করছেন। তাঁর লক্ষ্য, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং জ্ঞানের সমন্বয় ঘটিয়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল বা বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইন নিয়ে কাজ করা। নাথানের এই অসামান্য পথচলা বিশ্বের অগণিত শিক্ষার্থীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।