নেট পরীক্ষার প্রশ্ন ফাঁসের জল্পনা, মানুষের বদলে কি সবটাই এআই-এর কারসাজি?
বার্তা ডেস্কঃ
ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি এবং অনুবাদে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যাপক ব্যবহারের অভিযোগে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই পরিস্থিতিতে গত ২২ থেকে ৩০ জুন অনুষ্ঠিত পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সোশিওলজি—এই তিনটি পেপারের ত্রুটিপূর্ণ পরীক্ষা বাতিল করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। বিশেষজ্ঞদের দাবি, প্রশ্ন তৈরিতে এআই ব্যবহারের কারণেই বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও এনটিএ অধিকর্তা অভিষেক সিং এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছেন, মানব পর্যবেক্ষণের মাধ্যমেই কিছু ত্রুটি ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল হওয়া বিষয়গুলির নতুন সময়সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ইংরেজি ও কমার্স এবং ১০ সেপ্টেম্বর সোশিওলজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই তিনটি পেপারের পরীক্ষা পুনর্গ্রহণ করা হলেও, বাকি বিষয়গুলির ফলাফল নির্ধারিত সময়সূচি অনুসারেই প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। প্রশ্নপত্র প্রণয়নে প্রযুক্তির অপব্যবহার নিয়ে ওঠা এই অভিযোগের বিষয়ে শিক্ষামন্ত্রক ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে এবং সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে।