চম্পাহাটিতে বাজি বিস্ফোরণের পরেই পুলিশের বড় সাফল্য, জালে তিন কারবারি!
বার্তা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার পিয়ালীতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পরই কঠোর অবস্থান নিল প্রশাসন। ঘটনার পরেই পিয়ালী, চম্পাহাটি ও হাড়াল এলাকায় সাঁড়াশি অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন টিম। অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি। নিষিদ্ধ এই বিপুল পরিমাণ বাজির সঙ্গে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে। বাজেয়াপ্ত হওয়া সমস্ত বাজি একটি লরিতে চাপিয়ে স্থানীয় থানায় নিয়ে আসা হয়। সম্প্রতি বেআইনিভাবে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে এক শ্রমিক ও এক মহিলা গুরুতর আহত হওয়ায় এলাকার সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল।
এই ঘটনার জেরে বেআইনি বাজি কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। অভিযানের পর বাজি ব্যবসায়ী ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসেন অতিরিক্ত পুলিশ সুপার। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বেআইনি বাজি তৈরি বা মজুত করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং নিয়ম ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় বেআইনি বাজির খবর দিতে সাধারণ মানুষের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে পুলিশ।