অফিসে AI ম্যানেজারের রাজত্ব, লেট লতিফদের কপালে এবার চরম দুর্ভোগ!

বার্তা ডেস্কঃ

স্যান ফ্রান্সিসকোর একটি বিখ্যাত রিটেল স্টোরে এক মানব কর্মীকে চাকরিচ্যুত করে শোরগোল ফেলে দিয়েছে ‘লুনা’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ম্যানেজার। অ্যান্ডন ল্যাবস পরিচালিত ওই স্টোরে দৈনিক নজরদারি, পণ্য বাজেট ও কর্মী পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যানথ্রোপিকের প্রযুক্তিতে তৈরি এই AI ম্যানেজারকে। দায়িত্ব পাওয়ার পরই এক কর্মীর উপস্থিতির খতিয়ান খতিয়ে দেখে লুনা জানতে পারে যে, মোট ২৩টি শিফটের মধ্যে ১৭টিতেই তিনি দেরিতে কাজে যোগ দিয়েছেন। কর্মীর এমন অনিয়মানুবর্তিতা ও কাজের রেকর্ড পর্যালোচনা করার পর সরাসরি তাকে ছাঁটাই করার চরম সিদ্ধান্ত নেয় এই ডিজিটাল ম্যানেজার।

তবে এই সিদ্ধান্তের পেছনে প্রযুক্তির সীমাবদ্ধতা নিয়েও নানা বিতর্ক ও প্রশ্ন দেখা দিয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে, লুনার তথ্য ধরে রাখার ক্ষমতার কিছু ঘাটতি থাকায় সেটি নিজের তৈরি করা নীতিমালাই ঠিকমতো মেনে চলতে পারছিল না। যদিও পরবর্তীতে সেই নীতি পুনর্বিবেচনা করে তবেই চূড়ান্ত পদক্ষেপে সিলমোহর দেওয়া হয়, তবুও একজন মানুষের চাকরি ও ভবিষ্যৎ নির্ধারণে AI-এর এমন একচ্ছত্র প্রভাব চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। দ্রুত কাজ সম্পাদনে প্রযুক্তি সহায়ক হলেও, কর্মী মূল্যায়ন বা ছাঁটাইয়ের মতো স্পর্শকাতর বিষয়ে মানুষের প্রত্যক্ষ নজরদারি ও মানবিক বিবেচনা কতটা জরুরি, স্যান ফ্রান্সিসকোর এই ঘটনা তা পুনরায় প্রমাণ করে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *